×

অপরাধ

ফলোআপ

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:০৯ পিএম

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ছবি: ফাইল ফটো

ভোরের কাগজ অনলাইন বিভাগের অনুসন্ধানে ‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ শিরোনামে সংবাদ প্রচারের পর, ‍ওই এলাকায় গড়ে ওঠা অবৈধ ক্যাসিনো জুয়া নির্মূলে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই ঘটনায় পুলিশ, ডিবি ও এসবিসহ প্রশাসনের অন্তর্ভুক্ত বাহিনীগুলোর সমন্বয়ে একটি চৌকস টিম এই অভিযানে নেমেছে বলে নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ নিজে এই সমন্বিত অভিযানের দিকনির্দেশনা দিচ্ছেন বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।

বিষয়টি নিয়ে পুলিশের উপরমহল থেকেও রাজধানীর থানাগুলোকে- বিশেষ করে ডিএমপি উত্তরা বিভাগের অধীন ছয়টি থানাকে বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও ভোরের কাগজকে জানিয়েছেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার (অ্যাডিশনাল কমিশনার) এস এন নজরুল ইসলাম।

এছাড়াও, ওই সংবাদ প্রকাশের পর রাতেই কাশেম গং-এর ‘বিকল্প’ ক্যাসিনো স্পট উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৭৮ নম্বর বাড়ি ‘উত্তরায়ণ’ এবং একই সেক্টরের ১৮ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়ি ‘বিপাশা নীড়’ ভবন দুটোতে অভিযান চালিয়ে ওই দুই ফ্ল্যাট সিলগালা করে দিয়েছে উত্তরা পশ্চিম থানা কর্তৃপক্ষ।

উত্তরার ক্যাসিনো নির্মূলের এই অভিযান বিষয়ে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘রূপায়ণ সিটি উত্তরার এমন একটি আবাসিক এলাকা যেখানে একটি বিশাল সংখ্যক চায়না নাগরিক বসবাস করেন। আরও কয়েকটি দেশের নাগরিকরাও রয়েছেন এই এলাকায়। শুধু তাই নয়, চীনসহ অনেকগুলো বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের কার্যালয়ও রয়েছে রূপায়ণ সিটিতে। এ বিষয়টি ভোরের কাগজের প্রতিবেদনেও এসেছে দেখেছি। বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের বসবাস থাকায় ডিএমপি এখানে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি)-কে সঙ্গে নিয়ে একটি সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী গতরাত থেকেই এসবি ও ডিবির চৌকস অফিসারদের নেতৃত্বে কয়েকটি টিম রূপায়ণ সিটি এলাকায় নজরদারিতে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই এলাকায় অভিযানটি শুরু করবে।’

এদিকে, পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়িয়ে রাজধানীতে আবারও কোটি কোটি টাকার অবৈধ ক্যাসিনো ব্যবসা চলার সংবাদ ভোরের কাগজ অনলাইনে প্রকাশিত হওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুলিশ সদরদপ্তরে ব্যাপক আলোচনা ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। জুয়া ও মাদক নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর হুঁশিয়ারির পরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ছয় মাস ধরে ক্যাসিনোর মতো কোটি টাকার বিলাসবহুল জুয়ার আসরসহ রাজধানী এবং সারাদেশ থেকে সব ধরনের জুয়া বন্ধে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম মেট্রো) মো. আশরাফুল ইসলাম ডিএমপিসহ পুলিশের বিভিন্ন শাখার সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারি করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও নিশ্চিত করেছে সূত্র। 

এ বিষয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার (অ্যাডিশনাল কমিশনার) এস এন নজরুল ইসলাম ভোরের কাগজকে বলেন, ‘জুয়া বিষয়ে একটাই কথা- নো টলারেন্স। সেটা ক্যাসিনো হোক আর যাই হোক, কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। উত্তরা এলাকায় সম্প্রতি অবৈধ শিসাবার, লাইসেন্স বিহীন মদের বার এবং বেশকিছু নাইটক্লাব উচ্ছেদে সফল অভিযান চালিয়েছে ডিএমপি। এখন থেকে ক্যাসিনোসহ সব ধরনের জুয়া ঠেকাতে রূপায়ণ সিটিসহ পুরো উত্তরা বিশেষ নজরদারির ভেতরে থাকবে যেন দেশি কিংবা বিদেশি কোনো চক্রই আর এ ধরণের অপরাধ ঘটাতে না পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App