×

শেষের পাতা

ব্রিকস শীর্ষ সম্মেলন আমন্ত্রণ ‘পর্যালোচনা’ করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রিকস শীর্ষ সম্মেলন আমন্ত্রণ ‘পর্যালোচনা’ করছে সরকার

ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। এরপর তিনিও মুখোমুখি হন সাংবাদিকদের। খলিলুর রহমান বলেন, আমরা বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছি। সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে আপনাদের জানানো হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য আরও কয়েকটি আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক সফরও বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, কয়েকটি আমন্ত্রণ রয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নেবেন। তাই সবগুলো কর্মসূচি একসঙ্গে বিবেচনা করতে হচ্ছে।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে খলিলুর রহমান বলেন, উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে ঢাকা ও নয়াদিল্লি আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করবে।

এর আগে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানানোর জন্য সাগ্রহে অপেক্ষা করছে এবং তারা সফরটি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা করছেন। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশ সরকারের প্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য সাগ্রহে অপেক্ষা করছি। আমরা আশা করি, সফরটি খুব শিগগিরই হবে।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। সরকারিভাবে এই প্রথম পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করলেন। আমরা বিশেষ কোনো ইস্যু নিয়ে এবার কথা বলিনি। আমাদের মধ্যে যে বিষয়গুলো আছে- আগামীতে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আমরা দুজনেই আশা প্রকাশ করেছি, আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করব।

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নে খলিলুর রহমান বলেন, কূটনীতিতে আমরা আন্দাজে কাজ করি না। আমরা বাস্তবতার ভিত্তিতে কাজ করি-এটা মনে রাখবেন। কারো সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে। চীনে আমাদের অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, ভালো। আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক।

কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একজনের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে-আমরা কখনো সেটা করব না। সব দেশের সঙ্গে স্বার্থ অক্ষুণ্ন রেখে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, এই যে মার্কিন দূত আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অব স্টেটের দেখা হয়েছে। এই ইন্টারেকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে। এটা তো স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয়। এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক, যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে যাবো। মার্কিন দূতের আগমন ঘিরে কোনো চাপ অনুভব করছেন কিনা-এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

শাবনূরের রহস্যময় বার্তা ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App