×

সারাদেশ

হাসানাতের দিকে তাকিয়ে সাদিক অনুসারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:২২ এএম

হাসানাতের দিকে তাকিয়ে সাদিক অনুসারীরা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই এ আলোচনা চলছে। নৌকার মনোনয়ন পাওয়ায় সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষ নেয় স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ অনুসারীরা।

আর সাদিকের পক্ষ নেয় মহানগর আওয়াামী লীগ নেতারা। এরপরই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বরিশালে আওয়ামী লীগের রাজনীতি। শুরু হয় চাচা-ভাতিজা গ্রুপের দ্বন্দ্ব। এরপর নৌকার সমর্থকদের ওপর হামলার অভিযোগে সাদিক অনুসারী মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্নাসহ ১৩ জনকে গ্রেপ্তারের পর সেই দ্ব›দ্ব আরো জোরালো হয়। গ্রেপ্তার এড়াতে সাদিক অনুসারী নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তবে গত বুধবার আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেয় কেন্দ্র।

এছাড়া গত শুক্রবার নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত তার বড় ভাবির (আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী) কবর জিয়ারত করেন। এতে সাদিক অনুসারী নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। এখন শুধু হাসানাতের বরিশাল আসার অপেক্ষায় তারা। তিনি বরিশাল এসে যৌথসভা করার পরই একযোগে নৌকার প্রচারণায় নামবেন এমনটি জানা গেছে। সূত্রমতে, গত ১৫ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয় বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। এ নিয়ে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগ ভিন্ন অবস্থান নেন। যা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। আর মেয়র সাদিক আবদুল্লাহ এখনো ঢাকায় অবস্থান করায় তিনিও চাচার পক্ষে ভোটের মাঠে নামেননি। তবে একাধিকবার তার অনুসারী নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার জন্য ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে নির্দেশনা দেন। কিন্তু তার কোনো অনুসারীই এখন পর্যন্ত নৌকার পক্ষে মাঠে নামেননি।

এদিকে গত রবিবার আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিত হামলার অভিযোগ ওঠে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই দিন রাতেই মামলার প্রেক্ষিতে মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ মামলার এজাহারভুক্ত মান্না ও তার ১০ সহযোগীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। এদিকে ওই ঘটনার দিন রাতে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এই দ্ব›দ্ব নিরসনের জন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জন্য গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়। এর প্রধান করা হয়েছে আবুল হাসানাত আবদুল্লাহকে। এরপর গত শুক্রবার দুপুরে খোকন সেরনিয়াবাত তার বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী প্রয়াত সাহান আরা আবদুল্লাহর কবর জিয়ারত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও অন্য নেতারা তার সঙ্গে ছিলেন। আর এতে করে দলীয় নেতাকর্মীরা মনে করছেন, ভাবির কবর জিয়ারত করার ঘটনাটি বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলমান দ্ব›দ্ব ও সংঘাতের অবসান হতে চলছে। বিশেষ করে তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস থাকায় এই ধারণা আরো বদ্ধমূল হচ্ছে। তবে এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরকে দেখা যায়নি।

এদিকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষের নেতারা এখন পর্যন্ত কেউ আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে নির্বাচনী মাঠে না নামলেও নির্বাচন পরিচালনায় আবুল হাসানাত আবদুল্লাহকে টিম লিডার ঘোষণার পর সাদিক অনুসারীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কমিটির ছবি পোস্ট করে অনেক নেতাকর্মীকেই নৌকার পক্ষে ভোট চাইতেও দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক অনুসারী একাধিক নেতাকর্মী জানান, দক্ষিণ বাংলার আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ বরিশালে এলেই সব ধরনের শঙ্কা কেটে যাবে। আর ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে মাঠে নামবেন তারা।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, আবুল খায়ের আবদুল্লাহ দলীয় প্রার্থী। তাকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। শিগগিরই ঢাকা থেকে আবুল হাসনাত আবদুল্লাহ বরিশালে ফিরে যৌথসভা করে আমাদের নির্দেশনা দেবেন। সে অনুযায়ী আমরা মাঠে নামব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App