বিদ্যুৎ খাতে এলো বড় দুঃসংবাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি : সংগৃহীত
নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প। এর প্রভাবে বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দুটি জলবিদ্যুৎ কেন্দ্র থেকেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হতো।
গত ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি নদীসংলগ্ন কয়েকটি হাইড্রোপাওয়ার প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্ষা মৌসুমে নদীতে পানির প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে নেপালের জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদনও বৃদ্ধি পায়। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে নেপাল।
সম্প্রতি ভারতের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ আসছিল। তবে বন্যায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সেই সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, আকস্মিক বন্যার পর ভোটেকোশি নদী অববাহিকার বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে যায়। এর প্রভাবে নেপালের সামগ্রিক বিদ্যুৎ রপ্তানিও কমে এসেছে।
শুষ্ক মৌসুমেও নেপাল আগে গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করত। বর্তমানে সেই পরিমাণ কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে ছিল ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চিলমি হাইড্রোপাওয়ার প্রকল্প এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রকল্প। বন্যায় দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হওয়ায় গত সপ্তাহ থেকে সেখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
এই দুটি প্রকল্প মার্কিন ডলারের বিনিময়ে ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল। কিন্তু বন্যাজনিত ক্ষয়ক্ষতির কারণে সেই সরবরাহ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প কোনো প্রকল্প থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দিতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে।
নেপাল মূলত জলবিদ্যুতের ওপর নির্ভরশীল দেশ। বর্ষাকালে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ রপ্তানির মাধ্যমে দেশটি আঞ্চলিক বিদ্যুৎ বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। তবে সাম্প্রতিক বন্যা সেই পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
