নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি : সংগৃহীত
নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে থাকার ১০ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ দল তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
উদ্ধার হওয়া চীনা নাগরিকের নাম লুহাইতাও। উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২৫ মিটার দূর থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
নেপালি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের গভীর থেকে লুহাইতাওকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রকল্প এলাকায় এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, পৃথক আরেক উদ্ধার অভিযানে নুয়াকোটের বেত্রাবতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি ভবনের ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করেছে সশস্ত্র পুলিশ বাহিনী।
পুলিশ জানিয়েছে, সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি উদ্ধারকারী দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
