×

এশিয়া

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

ছবি : সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে সতর্কতা জারি করেছে তাইওয়ান। ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি থাকায় উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে স্থল সতর্কবার্তা। এর প্রভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার কার্যক্রমেও পরিবর্তন আনতে হয়েছে।

বৃহস্পতিবার তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানায়, চাম্পি একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হয়েছিল। পরে এর শক্তি কিছুটা কমলেও বাতাসের গতিবেগ বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চল অতিক্রম করে উত্তর দিকে চীনের উপকূলের দিকে যাবে। পরে ঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।

টাইফুনটির বিস্তৃতি বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এর প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।

উপকূল ও পাহাড়ি এলাকায় সতর্কতা

তাইওয়ানের উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে ৬ মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা জানানো হয়েছে। এ ছাড়া উত্তর তাইওয়ানের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রাজধানী তাইপের আশপাশে প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে টাইফুন মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পাহাড়ি ও উপকূলীয় এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। তবে এখন পর্যন্ত দেশটির রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

তাইওয়ান সাধারণত টাইফুন মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে থাকে। গ্রীষ্মকালে এ ধরনের ঝড় বেশি দেখা গেলেও শরৎকালেও আঘাত হানতে পারে। এসব ঝড়ে প্রবল বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাত ও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের ঝুঁকি তৈরি হয়।

জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের পশ্চিমতম জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনির ওপর দিয়েও অতিক্রম করতে পারে।

ঝড়ের প্রভাবে জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। এর অধিকাংশই অভ্যন্তরীণ রুটের। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র-জাপানের সামরিক মহড়ায় পরিবর্তন

টাইফুনের কারণে তাইওয়ানের কাছাকাছি জাপানের দ্বীপগুলোতে চলমান যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’-এর কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে।

প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এ মহড়ায় স্থল, সমুদ্র ও আকাশপথে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার অনুশীলন করা হয়। এতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও উভচর অভিযানের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার শুরু হওয়া এ মহড়ায় যুক্তরাষ্ট্র ও জাপানের প্রায় ৫৬ হাজার সামরিক সদস্য অংশ নিচ্ছেন। ফিলিপাইন ও অস্ট্রেলিয়াসহ আরও পাঁচটি দেশের বাহিনীও এতে অংশ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অংশগ্রহণকারী সবার নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় প্রতিদিনের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই’

সাজেক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির ‘নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই’

বুকে ব্যথা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সিসিইউতে

বুকে ব্যথা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সিসিইউতে

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App