শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা। ছবি: সংগৃহীত
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।
তিনি বলেন, একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন। ঋণখেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও ২০২৫ সালের ১৬ আগস্ট গুলশান থানা পুলিশ একই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল।
সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে ঋণখেলাপির কারণে পরবর্তী সময়ে তাকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়।
