হটাৎ বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, যা জানা গেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম
ফাইল ছবি
প্রবেশ করা যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওয়েবসাইটটি ভিজিট করতে গেলে এমনটি জানা যায়। তবে নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকটির মূল ওয়েবসাইটে (bb.org.bd) প্রবেশ করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়।
নিচে বলা হয়েছে, ‘Our service is currently undergoing scheduled maintenance. We will be back online shortly. Thank you for your patience. Bangladesh Bank.’ অর্থাৎ, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শিগগিরই তা সচল করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে। আশা করি খুব শিগগিরই ওয়েবসাইটটি পুনরায় চালু করতে পারব।’
সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের তথ্য অনুযায়ী, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে। এতে সার্ভারে থাকা ফাইল, ডাটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
এ পরিস্থিতিতে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ কয়েকটি দেশের সরকারি প্রতিষ্ঠান সতর্কতামূলকভাবে ওয়েবসাইট বন্ধ রেখেছে। তবে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়া মানেই কোনো ওয়েবসাইটে হামলা হয়েছে, এমন নয়।
বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা পিএইচপি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। বাংলাদেশেরও অনেক ওয়েবসাইট পিএইচপিভিত্তিক। ফলে নিরাপত্তা ত্রুটির কারণে কোন কোন প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে, তা যাচাই করা জরুরি।
