সেতুমন্ত্রী অবরুদ্ধ বাউফলে, ফিরে গিয়ে সভা করলেন দুমকিতে
অতুল চন্দ্র পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত
বাউফলের লোহালিয়া নদীর বগা ফেরিঘাটে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিন পরিদর্শনে এসে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উত্তেজনার মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বগা ফেরিঘাট এলাকায় প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর তিনি সেখান থেকে ফিরে গিয়ে দুমকি উপজেলায় সংক্ষিপ্ত সভা করেন।
এ সময় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলের সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রীকে দুমকি উপজেলার গড়বদি ফেরিঘাট থেকে বাউফলে আনতে গিয়ে ফেরির ভেতরেই উভয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১২ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি বগা ফেরিঘাটে একটি সেতু নির্মাণ। আওয়ামী লীগ সরকারের সময় এটি ১১তম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ের আওতায় এলেও কাজের অগ্রগতি হয়নি। বর্তমান সরকারের সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সেতু নির্মাণের দাবি আরও জোরালো হয়। সর্বশেষ বাউফলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদিরা বিনতে মাহামুদ প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানালে বিষয়টি গুরুত্ব পায়।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে মন্ত্রী ও বিএনপির নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, কারণ সেখানে থাকা ব্যানারগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল না। বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, বাউফলে জামায়াত সমর্থিত এমপি থাকায় ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হয়নি। একপর্যায়ে মন্ত্রী জামায়াত আয়োজিত মঞ্চে যেতে চাইলে বিএনপির নেতারা আপত্তি জানান। ফলে তিনি বাউফলে কোনো বক্তব্য না দিয়েই ফিরে যান।
অন্যদিকে জামায়াত সমর্থকরা দাবি করেন, তাদের ব্যানারে সাধারণত কোনো নেতার ছবি ব্যবহার করা হয় না। তবে প্রধানমন্ত্রীর ছবি না থাকা ভুল হতে পারে বলেও স্বীকার করেন তারা।
এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে মন্ত্রী পার্শ্ববর্তী দুমকি উপজেলায় গিয়ে সংক্ষিপ্ত সভায় বগা সেতুর গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন।
