×

বরিশাল

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় ঈদের দিনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা ১৩ মিনিটের দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে।

অপরদিকে, নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার ঢাকার টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে স্থানীয় কালিকাপুর এলাকা থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে পৌঁছালে, বিপরীত দিক থেকে মূল সড়ক ছেড়ে একটি গলির দিকে প্রবেশ করতে যাওয়া একটি অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এই ভয়াবহ দুর্ঘটনায় তামিম ও ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সালও মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশালে চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন। তারা হলেন—গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সোহাগ হাওলাদার (২৫) এবং রতনদী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।

ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুই তরুণের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App