×

বরিশাল

বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ অভিযানে বেলস পার্ক এলাকা থেকে সরিয়ে দেওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর বেলস পার্ক এলাকায় এ কর্মসূচি পালিত হলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ হওয়া হকাররা সন্ধ্যার পর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়, এতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই সিটি করপোরেশন তাদের দোকানপাট উচ্ছেদ করেছে। ফলে তাদের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

অবরোধের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, বিক্ষোভের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন দায়িত্ব গ্রহণের পর নগরীর সৌন্দর্যবর্ধন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বেলস পার্ক, হাতেম আলী কলেজ চৌমাথা, সদর রোড, নথুল্লাবাদ ও লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব পদক্ষেপে নগরবাসীর একটি বড় অংশ স্বস্তি প্রকাশ করলেও উচ্ছেদ হওয়া হকারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এর আগে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ঐতিহ্যবাহী বেলস পার্ক ঘিরে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ছিল। পার্কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তবে পুনর্বাসনের দাবিতে হকারদের আন্দোলন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App