×

বরিশাল

প্রেমের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, প্রতিপক্ষের বাড়িতে হামলা-সংঘর্ষে আহত ২

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

প্রেমের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, প্রতিপক্ষের বাড়িতে হামলা-সংঘর্ষে আহত ২

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোবাইল ফোনে গড়ে ওঠা কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবকের আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। এর জেরে পরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। তবে অভিযুক্ত পক্ষ এই অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাববুনিয়া গ্রামের সৌরভ হাওলাদার ও রাহিমা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল। একপর্যায়ে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে রাহিমার পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। অভিযোগ রয়েছে, বিয়ের পরও সৌরভ নিয়মিত রাহিমার মোবাইলে ফোন করে বিরক্ত করতেন। এই নিয়ে ক্ষুব্ধ হয়ে রাহিমার বাবা রফিক গাজী সৌরভকে ফোনে গালাগাল করেন বলে স্থানীয়রা জানান।

ফোনে গালাগালের জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৌরভ হাওলাদার নিজ বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে কলাপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সৌরভের মামা রুবেল গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাহিমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়।

হামলায় রাহিমার বাবা রফিক গাজী (মাথায় ধারালো অস্ত্রের আঘাতে) গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া হামলায় রাহিমার মা, দাদা ও দাদিসহ আরো কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রফিক গাজীর অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

রাহিমার মা অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। মাত্র দুই দিন আগে মেয়ের বিয়ে দিয়েছি। সৌরভ একতরফাভাবে আমার মেয়েকে ফোনে বিরক্ত করত। এর জের ধরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে ১৫-২০ জন আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকে সবাইকে মারধর করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আমার স্বামীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। আমরা এই অন্যায়ের বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে সৌরভের মামা রুবেল গাজীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, "আগে রোগী সুস্থ হোক, এরপর আমি বিস্তারিত বলব।"

এ বিষয়ে রাঙ্গাবালী থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত

স্কুল ফিডিং কার্যক্রম প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত

নদীভাঙনে বিপর্যস্ত দৌলতপুর, আশ্রয়হীন শত শত পরিবার

নদীভাঙনে বিপর্যস্ত দৌলতপুর, আশ্রয়হীন শত শত পরিবার

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App