×

বরিশাল

বরিশাল

নগর পরিবহনে নতুন পরিকল্পনা, ফিরছে সিটি বাস

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

নগর পরিবহনে নতুন পরিকল্পনা, ফিরছে সিটি বাস

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর আবারও বরিশাল নগরীতে সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরবাসী স্বল্প খরচে গণপরিবহনে চলাচলের সুযোগ পাবেন। পাশাপাশি থ্রিহুইলারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিসিসি সূত্রে জানা গেছে, নগরীতে গণপরিবহনের সংকট, যানজট এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি বাস সার্ভিস পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে লঞ্চঘাট এবং লঞ্চঘাট থেকে রূপাতলীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বাস চালুর পরিকল্পনা রয়েছে।

জানা যায়, ২০০২ সালে বরিশাল পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর ২০০৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে নগরীতে সিটি বাস সার্ভিস চালু হয়। তবে বিভিন্ন কারণে দুই বছর পর সেই সেবা বন্ধ হয়ে যায়। পরে ২০০৯ সালে তৎকালীন মেয়র শওকত হোসেন হিরনের উদ্যোগে পুনরায় বাস সার্ভিস চালু হলেও ২০১৩ সালে সেটিও বন্ধ হয়ে যায়। এরপর থেকে নগরবাসী মূলত গ্যাস ও ব্যাটারিচালিত থ্রিহুইলারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

এদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও অন্যান্য কারণ দেখিয়ে থ্রিহুইলার চালকদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি এ বিষয়ে নাগরিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে। যদিও বরিশাল সিটি করপোরেশন পূর্বের ভাড়ার তালিকা বহাল রাখার নির্দেশ দিয়েছে, তবুও অনেক চালক তা মানছেন না বলে অভিযোগ রয়েছে।

নগরীর প্যারারা রোড এলাকার বাসিন্দা আলামিন হাওলাদার বলেন, গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে প্রতিদিনই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সিটি বাস চালু হলে সাধারণ মানুষ কম খরচে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে থ্রিহুইলার চালকদের অনিয়মও অনেকাংশে কমে আসবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, সিটি বাস সার্ভিস চালুর বিষয়টি নিয়ে কাজ চলছে। বিষয়টি প্রশাসকের কাছে উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে কয়েকটি রুটে বাস চালু করা হবে। পরে যাত্রী চাহিদা অনুযায়ী রুট ও বাসের সংখ্যা বাড়ানো হবে।

সংশ্লিষ্টদের মতে, সিটি বাস সার্ভিস চালু হলে নগরবাসী সাশ্রয়ী ভাড়ায় নিরাপদ যাতায়াতের সুযোগ পাবেন। একই সঙ্গে নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং থ্রিহুইলারনির্ভরতা অনেকটাই কমবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App