টানা বর্ষণে বাবুগঞ্জে আঞ্চলিক সড়কে ধস, যান চলাচল ব্যাহত
এম.কে. রানা, বরিশাল
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: ভোরের কাগজ
টানা তিন দিনের প্রবল বর্ষণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট ফেরিঘাটমুখী গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে, দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার পাঁচ রাস্তা স্টেশনসংলগ্ন খান বাড়ির সামনে সড়কের উল্লেখযোগ্য অংশ পাশের একটি পুকুরে ধসে গেছে। সড়কের কার্পেটিংসহ মাটির বড় একটি অংশ দেবে যাওয়ায় যানবাহনকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, গত তিন দিনের টানা ভারী বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে পড়ে। এর ফলে শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই সড়কের একাংশ ধসে যায়। এতে সড়কটি আরও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী আঞ্চলিক সড়কটি বরিশাল জেলার সঙ্গে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট ফেরিঘাট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। আড়িয়াল খাঁ নদীতে ফেরি পারাপারের মাধ্যমে প্রতিদিন হাজারো যাত্রী এবং দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের অসংখ্য যানবাহন এ সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে সড়কটির ক্ষতি শুধু স্থানীয় নয়, বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দা মো. সেলিম খান বলেন, ‘টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে সড়কের একটি অংশ পাশের পুকুরে ধসে পড়েছে। দ্রুত সংস্কার না করলে আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। তখন পুরো সড়কই ঝুঁকির মুখে পড়বে।’
স্থানীয়দের দাবি, বর্ষাকাল বিবেচনায় ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সংস্কার করতে হবে। অন্যথায় ভারী যানবাহনের চাপ অব্যাহত থাকলে সড়কের আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, প্রবল বর্ষণের কারণে সড়কের এ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য ঠিকাদার নিয়োজিত রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে।
