×

বরিশাল

থানায় হামলা: ৪৩ জন নামীয়সহ আসামী ৪০০, গ্রেপ্তার ১৮

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

থানায় হামলা: ৪৩ জন নামীয়সহ আসামী ৪০০, গ্রেপ্তার ১৮

ছবি: ভোরের কাগজ

বরিশালের আগৈলঝাড়া থানায় গ্রেপ্তার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৩ জন এজাহারনামীয় এবং ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১০ নারীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, হামলার পর থেকেই থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর পরিচালিত অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে বরিশালে পাঠানো হয়েছে।

মামলার বাদী এসআই ওমর ফারুক জানান, বেআইনি সমাবেশ, দাঙ্গা, অনধিকার প্রবেশ, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গুরুতর অপরাধ সংঘটন এবং হুমকির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখের পাশাপাশি ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, থানার হাজতে থাকাকালে তিনি নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১১টার দিকে তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেলে কয়েকশ মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালায়। হামলার সময় থানায় ব্যাপক ভাঙচুর করা হয় এবং কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় পুলিশের ছয় সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসান। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি মো. মাসুদ খান বলেন, থানা হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App