×

বরিশাল

গ্রেপ্তার আতঙ্কে প্রায় জনশূন্য ফুলশ্রী, আসামির তালিকায় সাংবাদিক

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

গ্রেপ্তার আতঙ্কে প্রায় জনশূন্য ফুলশ্রী, আসামির তালিকায় সাংবাদিক

ছবি: ভোরের কাগজ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুলশ্রী গ্রাম এখন অনেকটাই জনশূন্য। থানা হামলার ঘটনায় দায়ের করা মামলার পর গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ নারী-পুরুষ বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, থানা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৪৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন।

এদিকে মামলার এজাহারে নাম অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, থানায় হামলার পুরো ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এজাহারে এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে, যাদের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনাস্থল সংলগ্ন ফুলশ্রী গ্রামের বাসিন্দাদের পাশাপাশি অন্য ইউনিয়নের কয়েকজনের নামও মামলায় এসেছে।

এ মামলায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বরিশাল প্রতিনিধি এফএম নাজমুল রিপনকেও আসামি করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী যুবলীগের স্থানীয় দুই নেতার নামও এজাহারে রয়েছে।

সাংবাদিক নেতাদের আসামি করার বিষয়টিকে রহস্যজনক দাবি করে শনিবার আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতারা স্থানীয় সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত আগৈলঝাড়া থানার ওসিকে পুরো ঘটনার ভিডিওচিত্র পর্যালোচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ দেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান বলেন, থানা হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ, ভিডিওচিত্র এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। তিনি বলেন, তদন্তে যদি দেখা যায় কারও নাম ভুলবশত মামলায় এসেছে এবং তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায় না, তাহলে তাকে কোনো ধরনের হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ফুলশ্রী গ্রামের একাধিক বাসিন্দা জানান, গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছে। তাদের অভিযোগ, ঘটনার দিন উপস্থিত না থাকা কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। ফলে নারী, পুরুষ ও তরুণদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুরি মামলার সন্দেহভাজন হিসেবে রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। থানা হেফাজতে থাকাকালে তিনি নিজের মাথায় আঘাত করে আহত হন বলে পুলিশের দাবি। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এ সময় থানার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও কর্তব্যরত এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে পুলিশের ছয় সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় বেআইনি সমাবেশ, দাঙ্গা, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা, গুরুতর আঘাত এবং ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App