পাওনা টাকা ও জমি বিরোধ
পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
প্রতীকী ছবি
বরগুনার পাথরঘাটায় চাইনিজ কুড়াল ও খুরের পৃথক দুটি হামলার ঘটনায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে ও দুপুরে উপজেলার কাকচিড়া বাজার এবং কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামে এ দুটি ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথম ঘটনায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকচিড়া বাজার এলাকার বাসিন্দা মো. নাজমুল হোসেন (৩২) তার বোনজামাই মো. নাইম পহলানের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, নাইম পহলান খুর দিয়ে নাজমুলের বাঁ হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে আহত নাজমুলকে তার স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
অপরদিকে, দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মো. মানিক হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিক হাওলাদারের সঙ্গে তার আপন ভাই ও স্বজনদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে কয়েকজন তার বাড়িতে প্রবেশ করে চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত মানিককে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম জানান, কিরণপুরে মানিকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিরণপুর ও কাকচিড়ার কোনো ঘটনারই আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর রয়েছে।
