সাংবাদিকদের সহযোগিতা পেলে বরিশালকে সুশৃঙ্খল রাখা সম্ভব: বিএমপি কমিশনার
এম.কে. রানা, বরিশাল
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে বরিশাল নগরীকে সুশৃঙ্খল রাখা সম্ভব। তিনি বলেন, ‘এই শহরকে আমি আগে থেকেই চিনি। এ শহরের অপরাধ, অপরাধী ও সমস্যাগুলো সম্পর্কে আমার পূর্ব থেকেই ধারণা রয়েছে।’
শনিবার (৮ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গত ৬ আগস্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু রায়হান মুহাম্মদ সালেহ। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। সম্প্রতি তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর শনিবার বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত পুলিশ কমিশনার। এতে শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার সীমাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও নগরীর তীব্র যানজটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে নাগরিকদের পুলিশি সেবা আরও সহজ ও দ্রুত করতে থানার সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন তারা।
সভায় সভাপতির বক্তব্যে বিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমাধ্যমের সহযোগিতা থাকলে একটি সমাজ কিংবা দেশকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া সম্ভব। বরিশাল নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।
তিনি আরও বলেন, নগরীর যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরফুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
