খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরের খাস জমিতে মহিষ চরানোর বিনিময়ে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অভিযুক্ত ছাত্রদল নেতা মাঈন উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় শত শত নারী-পুরুষ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগী কয়েকশ নারী-পুরুষ উত্তাল তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে বাউফল উপজেলা পরিষদের সামনের সড়কে জড়ো হন। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাঈন উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাউফল পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান এলাকায় বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, এরপর থেকে তিনি লালচরের খাস জমিতে মহিষ চরানোর অনুমতি দেওয়ার শর্তে প্রতিটি মহিষের বিপরীতে মাসিক ২০০ টাকা করে চাঁদা আদায় শুরু করেন।
স্থানীয়দের দাবি, বর্তমানে ওই চরে ৪৭৮টি মহিষ রয়েছে। সে হিসাবে প্রতি মাসে প্রায় ৯৫ হাজার ৬০০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
মহিষ পালনকারী রেজাউল খাঁন, ইদ্রিস দালাল, আলমগীর হাওলাদার ও সাইফুল শরীফ বলেন, আগে তারা এই খাস জমিতে বিনা খরচে ও কোনো বাধা ছাড়াই মহিষ চরিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে প্রতিটি মহিষের জন্য নিয়মিত টাকা দিতে হচ্ছে। এতে প্রান্তিক খামারিদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
তাদের অভিযোগ, নির্ধারিত টাকা না দিলে চরে মহিষ রাখতে বাধা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেন তারা।
চরের বাসিন্দা রাজিয়া বেগম ও রোজিনা আক্তার বলেন, এসব দরিদ্র পরিবারের পুরুষেরা মহিষ পালন করেই সংসার চালান। মহিষ চরানোর জন্যও যদি নিয়মিত চাঁদা দিতে হয়, তাহলে পরিবারগুলোকে চরম সংকটে পড়তে হবে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
