গরুচোর সন্দেহে গণপিটুনি: এক ভাই নিহত, অপর ভাই আহত
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: ভোরের কাগজ
ঝিনাইদহের কালীগঞ্জে গরুচোর সন্দেহে দুই ভাইকে আটকের পর গণপিটুনিতে ঘটনাস্থলেই হাবিব হোসেন (৪৫) নামে এক ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন হোসেন (৪০) নামের অপর আরেক ভাই গুরুতর আহত হয়েছেন। তারা যশোরের আরাপপুর গ্রামের মৃত আইয়ুব হোসেনের পুত্র।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বারোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারবাজারের বাদুরগাছা গ্রামের ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের বাড়ি থেকে গভীর রাতে দুটি গরু চুরি হয়। চুরির বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা বাইরে এসে চিৎকার ও খোঁজাখুঁজি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর স্থানীয়রা চোরদের সন্ধানে বেরিয়ে রাত ৩টার দিকে পিরোজপুর বটতলা এলাকা থেকে দুই ভাইকে ধরে পরে তাদেরকে বাদুরগাছা গ্রামে নিয়ে যায়।
আরও পড়ুন: রাষ্ট্রপতির মাসিক বেতন কত? আর কি কি সুবিধা পান
এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই হাবিব হোসেনের মৃত্যু ও অপর ভাই গুরুতর আহত হয়। এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবকে মৃত ও সুমনকে আহত অবস্থায় উদ্ধার করে। নিহতের ময়নাতদন্তের জন্য এবং আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গরুচুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “কাউকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই আইনসম্মত নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি অপরাধের বিচার হওয়ার বিধান রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
