চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে উত্তাল ববি, অনশনে ১৩০ শিক্ষার্থী
এম.কে. রানা, বরিশাল
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণের দাবিতে অনশনে বসেছেন প্রায় ১৩০ শিক্ষার্থী।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোববার রাতে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান হাফিজ আশরাফুল হককে অপসারণের জন্য সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তাঁরা অনশনে বসার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। এর পাশাপাশি পক্ষপাতমূলক আচরণ, সেশনজটসহ বিভিন্ন সমস্যার কারণে তাঁদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে বিভাগীয় চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৭ সালে বিভাগটির যাত্রা শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মাত্র দুটি ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী মো. নাজমুল হোসেন বলেন, “আমাদের দাবি চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগ এবং বিভাগ থেকে অপসারণ। আমরা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। সোমবার উপাচার্যের দপ্তরে কয়েক দফায় আলোচনা করেও কোনো সমাধান না পাওয়ায় প্রায় ১৩০ শিক্ষার্থী অনশনে বসেছি।”
তবে শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করে বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, “তিনি উন্নয়ন কার্যক্রমের পিডি হওয়ায় একটি পক্ষের স্বার্থে আঘাত লেগেছে। তাঁদের ইন্ধনেই এই আন্দোলন ঘটানো হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
