×

বরিশাল

রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

ছবি : ভোরের কাগজ

ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে একটি ভবনের দুই বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত নওরীন (২৪) পেশায় একজন নার্স।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে রাজাপুর শহরের আদর্শপাড়া এলাকায় ফকির কাউয়ুম হোসেনের মালিকানাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

আহত নওরীন ওই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মো. মোসলেম মোল্লার মেয়ে। তার স্বামী মো. শাহিন হোসেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। ঘটনার সময় তিনি নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে নওরীন বাসায় একাই ছিলেন। তার স্বামী কর্মস্থলে নাইট শিফটে থাকায় এবং শাশুড়ি বাসায় না থাকায় তিনি একা অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, গভীর রাতে চোর রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান বসানোর ফাঁকা জায়গা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। চোরের উপস্থিতি টের পেয়ে নওরীন চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

একপর্যায়ে দুর্বৃত্ত ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে নওরীনকে একটি কক্ষে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে। পরে বাসা থেকে প্রায় নয় আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে একই পথ দিয়ে পালিয়ে যায়।

এদিকে একই ভবনের তৃতীয় তলায় বসবাসকারী এক মাদ্রাসাশিক্ষকের বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে ওই বাসায় কেউ প্রবেশ করেছিল কি না কিংবা কোনো মালামাল খোয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত নওরীন পরে মোবাইল ফোনে তার স্বামীকে ঘটনাটি জানান। তার স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাজাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

পরে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের সহযোগিতায় দরজা ভেঙে নওরীনকে উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তার ডান হাতে পাঁচটি এবং ডান পায়ে তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App