×

বরিশাল

আগাম তরমুজের আশায় ১ হাজার ২০ হেক্টর জমি অনাবাদী

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

আগাম তরমুজের আশায় ১ হাজার ২০ হেক্টর জমি অনাবাদী

ছবি : ভোরের কাগজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আগাম তরমুজ চাষের আশায় চলতি মৌসুমে প্রায় ১ হাজার ২০ হেক্টর জমি অনাবাদী রেখেছেন কৃষকেরা। আমন ধান কাটার পর তরমুজ চাষের উপযুক্ত সময় পাওয়া যাবে না-এমন আশঙ্কায় অনেক কৃষক ইচ্ছাকৃতভাবে আমন আবাদ থেকে বিরত রয়েছেন। তবে অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে আগাম তরমুজ চাষ নিয়েও শঙ্কায় পড়েছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি জমি এখনো চাষাবাদ ছাড়াই পড়ে আছে। বিশেষ করে বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমন ধানের পরিবর্তে আগাম তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধান চাষ করলে তা কাটতে দেরি হবে। এরপর জমি প্রস্তুত করে তরমুজের বীজ বপন করতে গেলে আগাম তরমুজের মৌসুম পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আগাম তরমুজ বাজারজাত করে ভালো দাম পাওয়ার সুযোগ কমে যেতে পারে। তাই ভালো দামের আশায় ঝুঁকি নিয়ে জমি অনাবাদী রেখেছেন অনেক কৃষক।

বড়বাইশদিয়া ইউনিয়নের কৃষক মো. লিটন সিকদার ও রিসাদ হাওলাদার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে এ বছর জমি চাষাবাদে সমস্যা হচ্ছে। আমন চাষ করলে ধান কাটতে সময় লাগবে। এতে তরমুজ চাষের উপযুক্ত সময় পাওয়া যাবে না। আবার দেরিতে তরমুজ চাষ করলে বিভিন্ন রোগ ও ভাইরাসের আক্রমণের ঝুঁকিও বাড়ে। এ কারণে তারা আগাম তরমুজ চাষের জন্য জমি অনাবাদী রেখেছেন।

কৃষকেরা জানান, আগাম তরমুজ চাষের জন্য কার্তিক মাসের মধ্যেই জমি প্রস্তুত করতে হয়। জমিতে আমন ধান থাকলে ধান কাটা ও পরে জমি প্রস্তুত করতে গিয়ে তরমুজ চাষ পিছিয়ে যায়। ফলে আগাম তরমুজের পরিবর্তে মৌসুমি তরমুজ চাষ করতে হয়। এতে বাজারে তুলনামূলক কম দাম পাওয়ার আশঙ্কা থাকে।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আগাম তরমুজ চাষের আশায় এ বছর উপজেলায় প্রায় ১ হাজার ২০ হেক্টর জমি চাষাবাদ হয়নি। তবে তরমুজ চাষের পরিকল্পনা থাকা জমিগুলো অন্তত এক মাস আগে আমন চাষের উপযোগী করে প্রস্তুত করা হলে সেখানে আমন আবাদ করা সম্ভব ছিল।

তিনি বলেন, ভবিষ্যতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে, তরমুজ চাষের পরিকল্পনা করা জমিতে আমন আবাদ করার সময় থেকেই পরবর্তী ফসলের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে। সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা করতে পারলে একই জমিতে আমন ও পরবর্তী সময়ে আগাম তরমুজ দুই ফসলই চাষ করা সম্ভব।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, পরিকল্পিতভাবে একই জমিতে দুই ফসল চাষ করা গেলে জমি অনাবাদী পড়ে থাকবে না। এতে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকের উৎপাদন ও আয়ও বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

৬০০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

৬০০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

আবারও ভারতে রেড অ্যালার্ট জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App