রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২ জেলেকে কারাদণ্ড
কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আটক ১২ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাঙ্গাবালী উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালীর সমন্বয়ে যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন।
অভিযানে জব্দ করা অবৈধ জালের আনুমানিক পরিমাণ ৫০ হাজার মিটার। এসব জালের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযান চলাকালে আটক ১২ জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
