বরিশালে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯
এম.কে. রানা, বরিশাল
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে পূর্ববিরোধের জেরে কাওছার হাওলাদার (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ নয়জনকে আটক করেছে পুলিশ। নিহত কাওছার হাওলাদার আলামদী গ্রামের মৃত মোনাফছের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আলামদী এলাকায় সজল হাওলাদার নামে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে তাঁর ভাই প্রবাসী ইকবাল হোসেন নান্না সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বুধবার সৌদি আরব থেকে দেশে ফেরার পর শুক্রবার সকালে সাতলা একতা বাজারে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আলোচনা চলছিল।
নিহতের চাচাতো ভাই রাশেদ আমিনের অভিযোগ, পূর্ববিরোধের জেরে শুক্রবার রাতে ঢাকা ও বরিশাল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে একদল লোক আলামদী গ্রামে আসে। রাত সাড়ে ৯টার দিকে ১৮ থেকে ২০ জনের একটি দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কাওছারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ নয়জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
