বিএনপির নাম ভাঙিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সম্পর্ক না রাখার আহ্বান
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রানি, অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাহ মো. জাকারিয়ার বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বোয়ালমারী উপজেলা বিএনপি।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
শাহ মো. জাকারিয়া বোয়ালমারীর উমরনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির কোনো পর্যায়ের সাংগঠনিক পদে নেই। তবে ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অফিস আদালত, থানার দালালীসহ কর্মকাণ্ড চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলে একাধিক নেতা কর্মীর অভিযোগ করেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জাকারিয়া বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনকে জিম্মি করে চাঁদা দাবি করেছেন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি।
বিজ্ঞপ্তিতে জাকারিয়ার পারিবারিক রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তার বাবা কাজী কারী মো. মনজুরুল হক গুনবাহা ইউনিয়নের জামায়াতে ইসলামীর অন্যতম নেতা এবং বিগত নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘জাকারিয়া বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন—এমন একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। সে কারণে দলীয় নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ তার সঙ্গে রাজনৈতিক বা সাংগঠনিকভাবে সম্পৃক্ত না হন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে জাকারিয়ার বিরুদ্ধে। সে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেছে বলে অভিযোগ পেয়েছি, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমাদের ধারণা, তার পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে তিনি জামায়াতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।’
বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুজ্জামান তপু বলেন, ‘কাজী শাহ মো. জাকারিয়ার সঙ্গে ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সহস্রাইল এলাকার জাকারিয়া সুমন নামে একজন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন। কাজী জাকারিয়া বিভিন্ন স্থানে ওই নেতার নাম ব্যবহার করে নিজেকে ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তাছাড়া বিবাহিত ব্যক্তির ছাত্রদলের পদ-পদবিতে থাকার সুযোগ নেই। সে ৭ বছর আগে বিবাহ করেছে এবং লেখাপড়াও করেন না। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন কর্মকাণ্ডের অভিযোগ থাকায় শাহ জাকারিয়ার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার আহ্বান জানাচ্ছি।’
তবে শাহ মো. জাকারিয়ার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকায়- বক্তব্য পাওয়া যায়নি।
