রাশেদ খান
‘জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম
ফাইল ছবি
জামায়াতের তুলনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অপরাধকে লঘু বলেই মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘বিরোধী দলের সঙ্গে বর্তমান সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গেই নিয়ে আন্দোলন করবে। ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটিই স্পষ্ট হলো।’
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বর-নভেম্বরের লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে আগামী ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে জামায়াত! তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪-এর গণঅভ্যুত্থানে ১,৪০০-এর বেশি শহীদ ও ৩০,০০০ আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না!’

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান লেখেন, ‘আসলেই তো, এর চেয়ে বেশি রক্ত ১৯৭১ সালে ঝরিয়েছে জামায়াত! আর সে কারণেই জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়! তা না হলে ২৪-এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর এমন দমনপীড়ন করেনি একথা তারা কীভাবে বলে?’
জামায়াত ও আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে কটাক্ষ করে তিনি লেখেন, ‘সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের ভেতরেই লুকিয়ে ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে? তার প্রতিদানস্বরূপ এখন আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক (নর্মালাইজ) করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছেন... আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছেন নাহিদ ইসলাম!’
