চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে সড়কে ভাসমান ভ্যান বসিয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে ফজলুল আমিন নামে এক যুবদল নেতাকে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে।
স্বজন ও স্থানীয়দের দাবি, ভ্যান বসানোর নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় নিজ দলের কর্মী হিসেবে পরিচিত মো. শাহজাহান ও তাঁর ছেলে সিফাতের সঙ্গে ফজলুল আমিনের বিরোধ তৈরি হয়। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কা ও ঘুষি মারলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ফজলুল আমিন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত শাহজাহান চট্টগ্রাম মহানগর বিএনপির এক সদস্যের অনুসারী এবং কৃষক রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে।
আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল
পরিবারের পক্ষ থেকে শাহজাহান (৪৫) ও তার ছেলে সিফাতকে (২০) আসামি করে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলায় আরও পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রের ভাষ্য, ওই এলাকায় সড়কের ওপর ভাসমান ভ্যান বসানো নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। স্থানীয়দের বৈঠকে নির্দিষ্ট স্থানে ভ্যান না বসানোর সিদ্ধান্ত হলেও শুক্রবার আবার সেখানে ভ্যান বসানো হয়। ফজলুল আমিন এতে বাধা দিলে শাহজাহানের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।
স্থানীয় যুবদল নেতারাও জানান, ভাসমান দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করা মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়টি নিয়ে ফজলুল আমিন প্রশ্ন তুলেছিলেন। এ নিয়ে শাহজাহানের সঙ্গে তার বিরোধ হয় বলে তারা দাবি করেন।
নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন নেতৃত্বে আসা কিছু ব্যক্তির কর্মকাণ্ডের বিষয়েও দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং বিরোধের প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
