গ্যাস সংকট নিয়ে বড় সুখবর দিলেন রিজভী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশের চলমান গ্যাস সংকট আগামী এক সপ্তাহের মধ্যে অনেকটাই কেটে যাবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার পেছনে অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে।
তিনি জানান, সংকট মোকাবিলায় নির্ধারিত বাজেটের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে অবকাঠামোগত ও কারিগরি সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
মহেশখালীর গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটির বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, সেখানে প্রয়োজনীয় মেরামত ও কারিগরি কাজ চলছে। এসব কাজ শেষ হলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। তার প্রত্যাশা, সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে।
জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। বিদেশ থেকে জ্বালানি নিয়ে আসার পথেও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। এসব কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মোজাফফরের ফোনে মিলল জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য
দেশ পরিচালনায় সরকারের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, সরকার ও দল সমন্বয় করে কাজ করছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও জনকল্যাণমূলক কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই পথে নানা ধরনের চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের প্রতিশ্রুত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে রিজভী বলেন, হার্ভেস্ট কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উন্নয়ন ও উৎপাদন বাড়ানো দলটির অন্যতম লক্ষ্য। ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।
