যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই আজ ধ্বংস হয়ে গিয়েছে: দুলু
কাগজ প্রতিবেদক, নাটোর
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: ভোরের কাগজ
নাটোরে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা বিএনপির আয়োজনে আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন খতম, জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ এবং বৃক্ষ রোপন করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি প্রমুখ।
আরও পড়ুন: মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাবেশে দুলু বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি বিএনপি আরো শক্তিশালী ও সংগঠিত হয়েছিল।

১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করল, ওই অবস্থায় এরশাদ বাংলাদেশের সমস্ত এমপি-মন্ত্রীদেরকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া তখন ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমাদের ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে সেদিন রাস্তায় নেমেছিলেন। তারেক রহমানকে শৈশব-কৈশোর অবস্থায়, আরাফাত রহমানকে শিশু অবস্থায় বাড়িতে রেখে খালেদা জিয়া সেদিন রাস্তায় নেমে এসেছিলেন।
এরপর ২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে খালেদা জিয়াকে জেলে দিল, তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করলো। তারা ভেবেছিল বিএনপি বোধহয় এবার শেষ হয়ে যাবে। যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে।
