কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন কাউন্সিলে দলের মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এ পদে বর্তমানে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার পর মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান রুহুল কবির রিজভী। এর আগে তাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।
ফলে আসন্ন কাউন্সিলে রিজভীকেই পূর্ণাঙ্গ মহাসচিব করা হবে কি না, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। কাউন্সিলের মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মহাসচিব পদে রিজভীর পাশাপাশি আরও কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
কাউন্সিলে তাদের মধ্য থেকে কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে, নাকি অন্য কোনো নেতা এ পদে আসবেন—তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত দেয়নি।
এদিকে কাউন্সিলের আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের শূন্য পদটিও পূরণ করা হতে পারে বলে আলোচনা রয়েছে। এ পদে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নাম আলোচনায় রয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হওয়ার পর দলটির সামনে এখন দুটি বড় সাংগঠনিক কাজ—স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় কাউন্সিল আয়োজন।
দলের স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য ও সরকারের একজন মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কারণেই জাতীয় কাউন্সিল আয়োজনের সময় পিছিয়ে যাচ্ছে। চলতি বছরে কাউন্সিল হওয়ার সম্ভাবনা কম হলেও আগামী বছরের শুরুতে, বিশেষ করে ফেব্রুয়ারিকে লক্ষ্য করে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তার ভাষ্য, ওই সময়ে সরকারের এক বছর পূর্তি হবে এবং শীতকাল থাকায় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে।
কাউন্সিলের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দলের নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে কাউন্সিল খুব শিগগিরই হবে বলে জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও জানান, যত দ্রুত সম্ভব জাতীয় কাউন্সিল আয়োজন করতে চায় দল। এ জন্য বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের মার্চে। দলীয় নিয়ম অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও গত এক দশকে তা আর অনুষ্ঠিত হয়নি। এ সময়ে দলের নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। নতুন অনেক নেতা দায়িত্ব পেয়েছেন, কেউ পদোন্নতি পেয়েছেন এবং কেউ দায়িত্ব থেকে সরে গেছেন।
