স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করে বিজয়ী করতে হবে: এমপি মিলন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে কোনো প্রার্থী দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে একক প্রার্থী ঠিক করে তাকে বিজয়ী করতে হবে।
শুক্রবার বিকেলে রাজশাহীর কেশরহাটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেশরহাট পৌরসভা শাখা আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধানের শীষ বা অন্য কোনো দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হবে না। নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয়ভাবে। তবে স্থানীয়ভাবে আলাপ-আলোচনার ভিত্তিতে একক প্রার্থী নির্বাচন করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে হবে।’

স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। কেশরহাটকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা ও নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গুণগত মানোন্নয়ন হবে।’ পাশাপাশি জ্ঞানভিত্তিক ও চাহিদাসম্পন্ন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথা জানান তিনি।
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর কথা উল্লেখ করে এমপি মিলন বলেন, শিগগিরই এসব কার্যক্রম শুরু হবে। স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নও দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলোর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু হেনা কামরুজ্জামান। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক শাহীন আলম, সদস্য সচিব রেজাউল করিম রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
