প্রধানমন্ত্রীকে যেসব বিষয়ে সতর্ক করলেন মির্জা আব্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ড এবং সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর পাশে বসে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তারেক রহমান উদার মনের মানুষ হলেও সব পরিস্থিতিতে একইভাবে চলা সম্ভব নয়। দলের অনেক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সামনে ভালো কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন ধরনের কর্মকাণ্ড করেন বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।
বিষয়গুলো নিয়ে কখনো একান্তে কথা বলার সুযোগ হলে প্রধানমন্ত্রীকে আরও বিস্তারিত জানাবেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, দলের অভ্যন্তরের বিভিন্ন বিষয় সম্পর্কে তার আরও নজর দেওয়া প্রয়োজন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টিও উল্লেখ করেন মির্জা আব্বাস।
তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনেক প্রশংসনীয় কাজ করেছেন। তবে কিছু ব্যক্তির নেতিবাচক কর্মকাণ্ডের কারণে সরকারের ভালো উদ্যোগ ও দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আবেগাপ্লুত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, তিনি বিএনপিকে অত্যন্ত ভালোবাসেন। দলের ৪৮ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন সময়ে অনেক কিছু মিস করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কখনো বাদ দেননি।
এ সময় তিনি দলের নেতা-কর্মীদের সঠিক তথ্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার পাশাপাশি বিএনপির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
