‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলে মন্তব্য করায় এর কড়া জবাব দিয়েছেন শাহাদাত। তিনি দাবি করেছেন, আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বহাল রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় জামায়াত আমিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানান চসিক মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, তার নির্বাচনী রায় ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ছিনিয়ে নিয়েছিল। পরবর্তীতে ২০২১ সালের চসিক নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলার রায়ের ভিত্তিতেই তাকে বৈধ মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মেয়র বলেন, হাইকোর্টের রায়ের পর গেজেট প্রকাশ করা হয়েছে এবং তিনি শপথ নিয়েছেন। তার ভাষ্য, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় আদালতের এই রায় দেওয়া হয়।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন মামলা ও হয়রানির কথা তুলে ধরে শাহাদাত বলেন, এই রায়ের জন্য তিনি প্রায় তিন বছর আইনি লড়াই করেছেন। মামলাটি করার কারণে তাকে ছয় মাস কারাগারেও থাকতে হয়েছে। এছাড়া গত ১৬ বছরে তার বিরুদ্ধে ১১০টির বেশি মামলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে শাহাদাত বলেন, শফিকুর রহমানের মন্তব্যে আওয়ামী লীগের আমলে নির্বাচিত সাবেক মেয়র রেজাউল করিমের মেয়াদকেই বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, আদালতের রায়ে আওয়ামী লীগের অধীনে থাকা মেয়রকে অবৈধ বলা হয়েছে এবং তার মেয়াদকেও অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিজের মেয়াদের বিষয়ে চসিক মেয়র বলেন, ২০২৪ সালের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নিয়েছেন। সে হিসাবে আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকার কথা।
তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে তিনি পদে থাকার জন্য কোনো জটিলতা তৈরি করবেন না বলেও জানিয়েছেন শাহাদাত। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হলে তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। একই সঙ্গে গণতান্ত্রিক নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে তিনি মত দেন।
জামায়াত আমিরের মন্তব্যে বিস্ময় প্রকাশ করে শাহাদাত বলেন, তিনি সবসময় গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন। ছাত্রজীবন থেকে গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত থাকার দাবি করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংগ্রাম করে আসছেন।
তিনি আরও বলেন, আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত হলেও স্থানীয় সরকার বিভাগ নির্বাচনের তারিখ ঘোষণা করলেই তিনি পদ ছাড়বেন। একটি অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনকে তিনি স্বাগত জানাবেন এবং নির্বাচনে অংশ নিতে আগ্রহী সবার অধিকার নিশ্চিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন।
