যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানাল বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অসদাচরণ ও হেনস্তার অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পাণ্ডা। এই ঘটনাটি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী ধারাবাহিক কার্যকলাপেরই অংশ।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোভাব থেকে আওয়ামী সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
ড. ইউনূসের বিশ্বজোড়া খ্যাতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ড. ইউনূস কেবল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না, তিনি একজন নোবেল লরিয়েট ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে তার প্রতি এই অসদাচরণের মাধ্যমে মূলত বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত আওয়ামী দুঃশাসনের সময় দেশ গুম, খুন ও অপশাসনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেই অপশাসনের দোসররা এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে নানা রকম অপতৎপরতা চালাচ্ছে। বিদেশের মাটিতে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রমাণ করে যে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি।
শেখ হাসিনা দেশের বাইরে বসেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং দেশে-বিদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন যোগাচ্ছেন বলে অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি এখনও আগের মতোই অব্যাহত। তিনি নিজেদের কর্মীদের উস্কানি দিয়ে নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন, যা দেশের মানুষের কাছে এখন পরিষ্কার।
তিনি জেএফকে বিমানবন্দরে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী দুষ্কৃতকারীদের ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
