পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন সংবাদকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
রোববার (১৮ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাই তার পদত্যাগের প্রশ্নও ওঠে না।
এতে আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
বিজ্ঞপ্তিতে শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অস্ত্র প্রদর্শনের ঘটনাটিও উল্লেখ করা হয়। প্রেস কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের বিষয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনাকে কেন্দ্র করে ইশরাকের পদত্যাগ নিয়ে সংবাদ প্রচার করা বেআইনি এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলো প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
