‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা নিয়ে ‘পাপের লাশ বাংলাদেশে আনতে চাই না’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন। তিনি নিজের মন্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
পোস্টে কামরুজ্জামান রতন লেখেন, ‘সম্প্রতি একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত বলেছিলাম, “আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।”’
তিনি আরও লেখেন, তাঁর ওই মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি এবং তিনি তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন। মন্তব্যটির কারণে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
কামরুজ্জামান রতন বলেন, এ ঘটনার জন্য তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনার সময় বিতর্কিত মন্তব্যটি করেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। পরে এ নিয়ে সমালোচনার মধ্যে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন।
