×

বিএনপি

যে কারণে পদত্যাগ করলেন ইশরাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

যে কারণে  পদত্যাগ করলেন ইশরাক

ছবি : সংগৃহীত

নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নিজের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হোক কিংবা দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক—তা চান না বলেই স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সেদিন চাঁদাবাজি করতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। আমার এই অভিযান অব্যাহত থাকবে।’

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, তার কারণে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং দল যেন বিব্রত না হয়, সে জন্যই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’

ইশরাক আরও জানান, বিএনপি যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা

ইশরাক হোসেন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি মাদকবিরোধী অভিযান সমন্বয় করতে গিয়েছিলেন। নিজের নিরাপত্তার জন্য তার কাছে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিল। তবে অস্ত্র হাতে তার ছবি ছড়িয়ে পড়ার পর মূলধারার গণমাধ্যমে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে খবর প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে ইশরাক বলেন, ‘গণমাধ্যমের ভূমিকায় আমি হতাশ হয়েছি, কেন আমাকে এভাবে টার্গেট করা হলো।’

তিনি জানান, ঘটনার পর সৃষ্ট পরিস্থিতিতে তিনি নিজেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগের ইচ্ছার কথা জানান। তার ভাষ্য, নিজের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক কিংবা প্রধানমন্ত্রীর কাজে বাধা সৃষ্টি হোক, তা তিনি চাননি।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদক নির্মূলে কাজ চালিয়ে যেতে চান ইশরাক। তিনি বলেন, মাদক নির্মূলে কাজ করার অনুমতি চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে এবং এ বিষয়ে কাজ করার সুযোগ পেয়েছেন।

যে ঘটনা ঘিরে বিতর্ক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠের কোণে পলিথিনের ছাউনির একটি ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। ওই ঘটনার একটি ভিডিওতে তাকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মাদকাসক্ত ও বিক্রেতাদের ধাওয়া করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা।

পরে ঘটনার ব্যাখ্যা দিয়ে ইশরাকের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, অভিযানে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে তার নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিরা ভবনের ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে—এমন আশঙ্কার কথাও জানানো হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে ইশরাক ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন।

ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন—এমন খবর প্রকাশিত হয়। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক এ ধরনের সংবাদকে ‘সর্বৈব মিথ্যা’ বলে দাবি করেন।

এরপর সোমবার সকালে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। শপথ নেওয়ার প্রায় নয় মাসের মাথায় তারেক রহমানের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইশরাক হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব’

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

মিষ্টি থেকে ইশরাক: কী বার্তা দিচ্ছেন তারেক রহমান?

মিষ্টি থেকে ইশরাক: কী বার্তা দিচ্ছেন তারেক রহমান?

টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?

টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App