মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইশরাক। এর আগে একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, নাহিদ ইসলামকে তিনি কিছুটা হলেও ‘নতুন বন্দোবস্তের ধারক’ মনে করতেন। তবে তাঁর প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ মাদকের মহামারি ও এর প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে দাবি করেন ইশরাক।
তিনি লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? এরপর আমারে ফাঁসিতে ঝুলাইতি। দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’
পোস্টে নাম উল্লেখ না করে আরেক ব্যক্তির প্রসঙ্গও তোলেন ইশরাক। তাঁর দাবি, ওই ব্যক্তি ফোন করে মাদকবিরোধী অভিযানে তাঁকে সঙ্গে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। ইশরাকের ভাষ্য, মাদক নির্মূলের মতো কাজে অংশ নিতে গিয়ে আইন মেনে অভিযান পরিচালনার পরও ফৌজদারি মামলার মুখোমুখি হতে হলে তা নিয়ে প্রশ্ন ওঠে।
নাহিদ ইসলামকে উদ্দেশ করে ইশরাক আরও লেখেন, ‘কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা।’
রাজনীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য, এভাবে রাজনীতি চলতে থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
মাদক নির্মূলের প্রসঙ্গে ইশরাক বলেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার। বিক্রেতারা অপেক্ষা কর।’
