গঙ্গার ঘাটে শুয়ে আছেন সুনীল গ্রোভার, চেনা দায়!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
গঙ্গা নদীর ঘাট। স্থানীয় পথচারী ও আগত পুন্যার্থীদের অনেকে শুয়ে আছেন সেখানেই। রাস্তার পাশে, উন্মুক্ত ঘাটে, সাদামাটা পোশাকে রাত পার করে দিচ্ছেন তারা। তাদেরই মধ্যে একজন চেনা মানুষ। কিন্তু বেশভূষায় তাকেও চেনা দায়। একটু খেয়াল করলে বোঝা যায়, তিনি সুনীল গ্রোভার। ভারতের তুমুল জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা।
গতকাল রাতে ইনস্টাগ্রামে মুহূর্তটা শেয়ার করেছেন সুনীল নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘তারে জমিন পার’; অর্থাৎ তারকারা শুয়ে আছে মাটিতে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ওই ভিডিওর ভিউ ৫২ লাখ ছাড়িয়েছে। প্রতিক্রিয়া ও মন্তব্যের সংখ্যা হাজার হাজার। যদিও সুনীল উল্লেখ করেননি, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছিল। নেটিজেনদের ধারণা, এটি ঋষিকেশ বা হরিদ্বারে হতে পারে।
অনেকেই সুনীলের এমন সাদামাটা জীবনের প্রশংসা করছেন। কেউ লিখেছেন, ‘এ কারণেই সবাই আপনাকে এত ভালোবাসে’, কারোর মন্তব্য, ‘অসাধারণ মানুষ এবং আমার প্রিয় শিল্পী।’ অনেকে আবার খোঁচাও দিচ্ছেন। যেমন একজন লিখেছেন, ‘ভিডিও হয়ে গেছে সাহেব, এবার হোটেলে চলে যান।’
যদিও সুনীলের এই স্বভাব নতুন নয়। কাজের বিরতি পেলেই চলে যান নানা দিকে। সাধারণ মানুষের সঙ্গে মেশেন, ঘুরে বেড়ান সাধারণ হয়েই। কয়েক মাস আগে একবার দেখা গেল, কোনো এক প্রান্তিক এলাকায় গিয়ে হ্যান্ডপাম্পে পানি তুলে কাপড় ধৌত করছেন। আবার এক ভিডিওতে দেখা গিয়েছিল, চুলার পাশে বসএ রুটি বানাচ্ছেন, সেঁকে নিচ্ছেন। তারকাজীবনের বাইরে সুনীলের এই ভিন্ন রূপ অনেককেই মুগ্ধ করে।
উল্লেখ্য, ভারতের ছোট পর্দায় অন্যতম সফল কমেডিয়ান সুনীল গ্রোভার। কপিল শর্মার সঙ্গে দীর্ঘদিন ধরে শো করছেন। বিভিন্ন তারকার অনুকরণেও তিনি অনন্য। এছাড়া চলচ্চিত্রের অভিনয়েও বরাবরই প্রশংসিত হয়েছেন সুনীল।
