বক্স অফিসে দাপট দেখাচ্ছে শাহিদের ‘ককটেল ২’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:০১ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তির পর থেকেই বক্স অফিসে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ককটেল ২’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের কারণে ছবিটির আয় বাড়ছে। উদ্বোধনী সপ্তাহান্ত পার হলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বরং কর্মদিবসেও সন্তোষজনক ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করে আলোচনায় আসে ‘ককটেল ২’।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির পঞ্চম দিনে, অর্থাৎ মঙ্গলবার ছবিটি আরো ৬ কোটি ৬৫ লাখ রুপি আয় করেছে। ফলে ভারতের বাজারে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৬০ কোটি ৯০ লাখ রুপিতে।
আরো পড়ুন : নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য
এদিকে বক্স অফিসে ছবিটির সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, রাম চরণ ও জাহ্নবী কাপুরের ‘পেড্ডি’, ববি দেওলের ‘বন্দর’, কঙ্গনা রানাওয়াতের ‘ভারত ভাগ্য বিধাতা’, দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ এবং ‘হন্টেড থ্রিডি : ইকোজ অব দ্য পাস্ট’-এর মতো ছবির ভিড়েও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ‘ককটেল ২’।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় রোমান্টিক-কমেডি ‘ককটেল’-এর ধারাবাহিক পর্ব হিসেবে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি, ডিম্পল কাপাডিয়া, বোমান ইরানি এবং রণদীপ হুদা। সে সময় ছবিটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও বড় সাফল্য পেয়েছিল।
প্রথম ছবির জনপ্রিয়তাকে ভিত্তি করে নির্মিত এই নতুন পর্বটিও একই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মাত্র পাঁচ দিনের আয়ই ইঙ্গিত দিচ্ছে, খুব শিগগিরই ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারে শাহিদ-রাশমিকা অভিনীত এই সিনেমা।
