৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলে মুক্তির মাত্র চার দিনেই ১০০ কোটি রুপির ক্লাবে জায়গা করে নিয়েছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির প্রথম তিন দিনে সপ্তাহান্তের ছুটির সুবিধায় দারুণ আয় করলেও চতুর্থ দিনে আয় কিছুটা কমে আসে। তবু প্রথম কর্মদিবসেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে আহমেদ খান পরিচালিত সিনেমাটি।
বক্স অফিসভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, চার দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ৪৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি ৫৭ লাখ টাকা।
এর মধ্যে ভারতের বাজার থেকে সিনেমাটি মোট ৮৬ কোটি ৫৩ লাখ রুপি গ্রস আয় করেছে। এর নেট কালেকশন ৭২ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজার বা ওভারসিজ থেকে এসেছে আরো ১৯ কোটি ৯৫ লাখ রুপি।
মুক্তির চতুর্থ দিন, অর্থাৎ প্রথম সোমবার ভারতের ১০ হাজার ৯২২টি শো থেকে সিনেমাটি ৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করে। একই দিনে ওভারসিজ বাজার থেকে আরো ৩ কোটি রুপি যোগ হওয়ায় বিশ্বব্যাপী ১০০ কোটির অভিজাত ক্লাবে নাম লেখায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
এর আগে গত বৃহস্পতিবার অগ্রিম প্রদর্শনী বা পেইড প্রিভিউ থেকে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে ভারতের বক্স অফিসে যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিন শুক্রবার আয় করে ১৫ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় দিন শনিবারে আয় বেড়ে দাঁড়ায় ২০ কোটি রুপিতে। আর রোববার সপ্তাহের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপি সংগ্রহ করে সিনেমাটি।
সোমবার কর্মদিবস শুরু হওয়ায় আয় কিছুটা কমে এলেও ৮ কোটি ৫০ লাখ রুপির সংগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। তাদের মতে, পারিবারিক দর্শক এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের আগ্রহের কারণেই সিনেমাটি কর্মদিবসেও ভালো ব্যবসা ধরে রাখতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ হলো ২০০৭ সালের ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। তারকাবহুল এ সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, আফতাব শিবদাসানি এবং জ্যাকি শ্রফ।
