বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
ছবি : সংগৃহীত
তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তবে তৃতীয় বিয়ের পর আবারও ‘লাভ জিহাদ’ ইস্যুতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেতা আমির খান। চলমান বিতর্কের মধ্যেই প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর কোনো স্ত্রীই ইসলাম ধর্ম গ্রহণ করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, তাঁদের সব বিয়েই বিশেষ বিবাহ আইনের আওতায় হয়েছে, যেখানে ধর্মের কোনো ভূমিকা ছিল না। তিনি জানান, রিনা দত্ত, কিরণ রাও কিংবা গৌরী স্প্র্যাট- কেউই বিয়ের জন্য নিজের ধর্ম পরিবর্তন করেননি।
আমিরের ভাষায়, গৌরী, কিরণ বা রিনা কেউই ধর্মান্তরিত হননি। আমাদের বিয়ে হয়েছে সিভিল ম্যারেজের মাধ্যমে। গৌরী হিন্দুও নন, তিনি খ্রিস্টান। তবে তিনি ধর্মীয় আচার-অনুষ্ঠানও তেমন পালন করেন না। পুরো বিতর্ক প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা যেন আরো হাস্যকর হয়ে উঠছে!
অভিনেতার দাবি, তাঁর কাছে কোনো সম্পর্কের ভিত্তি কখনোই ধর্ম ছিল না। বরং পারস্পরিক সম্মান, বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্তই সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ককে তিনি অযৌক্তিক বলেই মনে করেন।
আরো পড়ুন : বারবার হিন্দু নারী বিয়ে, আমির খানের কুশপুত্তলিকা দাহ
আমির আরো জানান, তাঁদের পরিবারে আন্তঃধর্মীয় বিয়ে বহুদিনের চর্চা। তাঁর দুই বোন হিন্দু পরিবারে বিয়ে করেছেন। মেয়েও এক হিন্দু যুবককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। এছাড়া তাঁর চাচাতো ভাই মনসুর খানের স্ত্রীও খ্রিস্টান। ফলে ধর্মের ভিত্তিতে সম্পর্ককে মূল্যায়নের প্রবণতা তাঁদের পারিবারিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে বিতর্ক আরো উসকে দিয়েছে উত্তরপ্রদেশের মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী চিফ মুফতি মওলানা চৌধুরী ইব্রাহিম হুসেনের একটি ফতোয়া। তিনি জানিয়েছেন, কোনো মুসলিম পুরুষ অন্য ধর্মের নারীকে বিয়ে করতে চাইলে ওই নারীকে ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত।
অন্যদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা নীতেশ রাণেও আমিরের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন সিদ্ধান্ত সমাজে কী বার্তা দেয়, তা নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি এ বিয়েকে ‘লাভ জিহাদ’-এর প্রেক্ষাপটে দেখা উচিত কি না, সেই প্রশ্নও উত্থাপন করেন।
গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের বাসভবনে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ২০০২ সালে বিচ্ছেদের মাধ্যমে সে সম্পর্কের শেষ হয়। পরে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব এখনো দুজনই একসঙ্গে পালন করছেন।
