প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে মুখ খুললেন সালমান খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম
ছবি : সংগৃহীত
ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে একই সঙ্গে তিনি আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস, ধৈর্য এবং শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেন।
অভিনেতা বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর সমস্যা। তবে আন্দোলন রাজনৈতিক রূপ নিলে মূল ইস্যু আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, এই আন্দোলন সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই কোনো রাজনৈতিক দল যেন নিজেদের স্বার্থে এ আন্দোলনকে ব্যবহার না করে।
সালমান খান বলেন, শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় তিনি দুঃখিত। সরকার দ্রুত শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরো পড়ুন : বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
এদিকে, নিট ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিতে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। বুধবার যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দিল্লি পুলিশের এক সহকারী পুলিশ কমিশনার (এসিপি)সহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠলেও পুলিশ দাবি করেছে, আন্দোলনকারীদের হামলার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে।
এ ইস্যুকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। একই সঙ্গে সমাজকর্মী সোনম ওয়াংচুকও অনশন কর্মসূচি পালন করছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, গত এক দশকে দেশে অন্তত ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তিনি সংসদে এ বিষয়ে আলোচনা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত।
এর আগে বলিউডের নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও প্রকাশ রাজও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।
