দর পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি: সংগৃহীত
দফায় দফায় স্বর্ণের দর পতনের পর এবার দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে স্বর্ণ ও রুপার এ দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবেশ্ব
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
