রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে ডিমের দাম। পাশাপাশি বেশ কয়েকটি মাছের দামও চড়া রয়েছে। তবে চাষের কিছু মাছের দাম তুলনামূলক স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। গত সপ্তাহে একই ডজন ডিমের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা।
মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। আর খাসির মাংস কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।
মাছের বাজারে কয়েকটি প্রজাতির মাছের দাম বেশ চড়া। মানভেদে চিংড়ি প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কৈ ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
ইলিশের দামও উচ্চ পর্যায়ে রয়েছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। আর এক কেজি ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা।
তবে বাজারে চাষের কৈ, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। আকারভেদে চাষের শিং মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৪৫০ টাকায় এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বোয়াল মাছ কিনতে কেজিপ্রতি এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।
অন্যদিকে, মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়।
রায়ের বাজারের এক মাছ ব্যবসায়ী জানান, মাছের বাজার কয়েক মাস ধরে প্রায় একই রয়েছে। তার দাবি, চিংড়ি, রূপচাঁদা, শোল, বড় আকারের রুই– এসব মাছের দাম সব সময়ই কিছুটা বেশি থাকে। কারণ, মোটামুটি সামর্থ্যবান মানুষ এসব মাছ কেনেন। তবে ইলিশের দাম এত বেশি হওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
তিনি বলেন, গত তিন-চার বছরে অস্বাভাবিক দাম বেড়েছে ইলিশের। কারণ, বাজারে মাছের চেয়ে ক্রেতা বেশি।
বাজারে মাছ কিনতে ক্রেতা বলেন, ‘শোল মাছ ৭০০ টাকা কেজি কিনেছি। ভেটকি ৪০০ টাকায় নিয়েছে। সব মাছের দাম বেশি। বৃষ্টি কারণে দাম বেশি কিনা জানি না।
এদিকে, ডিম ব্যবসায়ী জানান, ডিমের দাম আগের তুলনা ১০–১৫ টাকা ডজনে বেড়েছে। এক ডজন সাদা ব্রয়লার মুরগির ডিমের দাম ১২০ টাকা আর ব্রাউন কালারের ১৩০টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ১১০ থেকে ১১৫ টাকা ডজন ছিল।
