ডিএমপি কমিশনার
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ দাবি করেছেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ভেস্তে দিয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা কর্মসূচি পরিদর্শনের পর আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
দুই বছর আগে জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে থেকে আজ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এরপর পুলিশ সারা দেশে নজরদারি বাড়ায়। রাজধানীতে কড়া পাহারা বসায় ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ আজকের মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে। তাদের (আওয়ামী লীগ) এই পরিকল্পনাকে আমরা এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। আমি আশা করি, সামনে যে কয়েক ঘণ্টা সময় বাকি আছে, সেই সময়ের মধ্যেও তারা কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত হতে পারবে না।
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানান ডিএমপি কমিশনার। তিনি জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ বা জমায়েত হওয়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ কর্মীদের। বাইরে থেকে ঢাকায় আসার পরিকল্পনাও ছিল।
সেই তথ্য আগাম পেয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছিল জানিয়ে তিনি বলেন, সে অনুযায়ী তিন দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোসহ বিভিন্ন চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। মোবাইল প্যাট্রোল, সাদাপোশাকে টহলের সংখ্যাও বাড়ানো হয়।
আওয়ামী লীগের সমর্থকদের বাইরের জেলাগুলো থেকে রাজধানীতে আসার পরিকল্পনা ঠেকাতে ঢাকার প্রবেশমুখ, ট্রেন স্টেশন, বাস স্টেশনসহ সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
কমিশনার বলেন, ‘বিভিন্ন মেস, হোটেল এবং যেসব জায়গায় তাদের অবস্থান করার সম্ভাবনা রয়েছে, সেসব স্থানে তল্লাশি চালানো হয়েছে। বেশ কয়েকজন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমাদের কাছে মনে হয়েছে, আজকে মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে তারা বাংলাদেশ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়।’
রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ২৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করার কথা ইতিমধ্যে জানিয়েছে ডিএমপি।
এদিকে, পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
কোনো আশঙ্কা না থাকলেও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপি প্রধান।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আশুরা উপলক্ষে সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে।
কমিশনার বলেন, তাজিয়া মিছিলে নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হবে না। বহন করা যাবে না দাহ্য ও ধারালো বস্তু। ঢাক ঢোল, উচ্চ শব্দের কোনো যন্ত্র মিছিলে রাখা যাবে না।
আতশবাজি পটকা ফোটানো থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
