টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার হারালেন দর্শক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৫৭ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে প্রাইভেট কার হারিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর-সংলগ্ন এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিকল্পিতভাবে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তিন ব্যক্তি। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী হাফিজার রহমান জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে স্ত্রীকে নিয়ে টিএসসি এলাকায় বিশ্বকাপের খেলা দেখতে যান তিনি। রাত প্রায় ১টা ৫০ মিনিটে রোকেয়া হলের পাশে নির্ধারিত স্থানে গাড়িটি রেখে যান। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, তিন ব্যক্তি পরিকল্পিতভাবে গাড়িটি চুরি করে নিয়ে যায়। ফুটেজ অনুযায়ী, দুজন মোটরসাইকেলে এলাকা ছেড়ে চলে যান, আর অপর ব্যক্তি চুরি হওয়া প্রাইভেট কারটি চালিয়ে নীলক্ষেতের দিকে চলে যান।
ঘটনার পরদিন সকালে গাড়ির মালিকের বাবা সামসুল হক শাহবাগ থানায় মামলা করেন। পরে বিষয়টি তদন্তের স্বার্থে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়ে রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়।
ঘটনায় বিস্ময় প্রকাশ করে হাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁর যাতায়াত। এমনকি তিনি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁর ভাষায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এভাবে প্রাইভেট কার চুরির ঘটনা আগে কখনো শোনেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ঘটনার পর ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সমৃদ্ধ নজরদারি ক্যামেরা স্থাপনের প্রস্তাব প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
