অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো: ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।
নোটিশে বলা হয়েছে, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবিতে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কাজে ফেরার জন্য কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি তৈরির অভিযোগ করা হয়েছে।
এতে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং কারখানার সম্পদ ঝুঁকির মুখে পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারখানার কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
নোটিশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো পুনরায় চালুর তারিখ ও সময় পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।
