×

রাজধানী

ড্যাপ সংশোধন

ঝুঁকিতে ঢাকার ভবিষ্যৎ, ‘বিতর্কিত’ গেজেট বাতিলের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

ঝুঁকিতে ঢাকার ভবিষ্যৎ, ‘বিতর্কিত’ গেজেট বাতিলের দাবি

ফাইল ছবি

রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) তৃতীয় দফার সংশোধনীসংবলিত গেজেট সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটির অভিযোগ, যথাযথ পরিকল্পনাগত বিশ্লেষণ, কারিগরি মূল্যায়ন ও পেশাজীবীদের সঙ্গে পরামর্শ ছাড়াই অস্বচ্ছ প্রক্রিয়ায় এই সংশোধন করা হয়েছে। এতে ঢাকার পরিবেশ, জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, নাগরিক অবকাঠামো ও দীর্ঘমেয়াদি বাসযোগ্যতা হুমকির মুখে পড়তে পারে।

রবিবার (১৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ২০২২ সালে ড্যাপ প্রণয়নের পর আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন ও বিএনপি সরকারের সময়ে বিভিন্ন সংশোধনের মাধ্যমে নগরের পরিবেশ ও টেকসই উন্নয়নের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে উদ্বেগ রয়েছে। ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে নগর পরিকল্পনার বিধান পরিবর্তন করা হলে তা পেশাগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও জনস্বার্থ সংরক্ষণের নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে।

আইপিডির পর্যবেক্ষণ অনুযায়ী, ড্যাপের তৃতীয় দফার সংশোধনে পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মতামত, প্রস্তাবিত পরিবর্তনের ইতিবাচক-নেতিবাচক দিক এবং কারিগরি মূল্যায়ন যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এমনকি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট পর্যায়ও সংশোধন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।

নদীতীর ও বন্যাপ্রবাহ এলাকায় নতুন শঙ্কা

বুড়িগঙ্গার তীর, জুরাইন ও পোস্তগোলার মতো পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় ড্যাপে চিহ্নিত নদীতীরবর্তী উন্মুক্ত স্থানে ভারী শিল্পকারখানা স্থাপনের অনুমোদন নিয়ে উদ্বেগ জানিয়েছে আইপিডি। সংস্থাটির মতে, অপরিশোধিত তরল বর্জ্য ও রাসায়নিক পদার্থের কারণে নদীদূষণ এমনিতেই গুরুতর। এ অবস্থায় পরিবেশগত ঝুঁকি বিবেচনা না করে ভূমি ব্যবহারের পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। এ ক্ষেত্রে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-সহ প্রযোজ্য আইন অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একইভাবে, বন্যাপ্রবাহ এলাকা, প্রাকৃতিক জলপ্রবাহের পথ ও জলাশয়ে আবাসন প্রকল্পের সুযোগ বাড়ানো হলে ঢাকার জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এসব এলাকা বৃষ্টির পানি ধারণ ও নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাশাপাশি, পূর্বাচলসহ পরিকল্পিত এলাকায় ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বা ভবন নির্মাণের অনুমোদিত আয়তন বাড়ানোর আগে জনসংখ্যা, সড়ক ও গণপরিবহন, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, অগ্নিনিরাপত্তা এবং উন্মুক্ত স্থানের পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানিয়েছে আইপিডি।

ছয় দফা সুপারিশ

সংস্থাটির ছয় দফা সুপারিশের মধ্যে রয়েছে— বিতর্কিত গেজেট অবিলম্বে বাতিল, সংশোধনের পরিকল্পনাগত কারণ ও সুপারিশকারীদের পরিচয় প্রকাশ, ড্যাপের আগের ও বর্তমান সংশোধনগুলোর কারিগরি তদন্ত এবং দুর্নীতি বা ব্যবসায়িক স্বার্থের ভূমিকা খতিয়ে দেখা।

এ ছাড়া নদীতীর, জলাশয়, পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, অবকাঠামোর ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে এফএআর নির্ধারণ এবং ভবিষ্যতে ড্যাপ সংশোধনের ক্ষেত্রে পেশাগত পরামর্শ, কারিগরি মূল্যায়ন ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংস্থাটি।

আইপিডির মতে, নগর পরিকল্পনা কোনো ব্যবসায়িক গোষ্ঠীর বিশেষ সুবিধা নিশ্চিত করার হাতিয়ার হতে পারে না। ঢাকার দীর্ঘমেয়াদি বাসযোগ্যতা ও নাগরিক স্বার্থ রক্ষায় বিতর্কিত সংশোধনী বাতিল করে স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়টি পুনর্বিবেচনা করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে : জামায়াত আমির

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে : জামায়াত আমির

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App